এডিপিতে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ সাড়ে ৩ হাজার কোটি টাকা

১৮ মে, ২০২১ ২০:৪৯  
আগামী ২০২১-২২ অর্থবছরের জন্য ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৩ হাজার ৫৮৭ কোটি টাকা। হিসাব অনুযায়ী, বার্ষিক উন্নয়ন খাতে দেয়া মোট বরাদ্দের ১.৫৯ শতাংশ বরাদ্দ পেয়েছে এই খাতটি। এই অংশ নিয়েই বরাদ্দ প্রাপ্ত শীর্ষ দশে জায়গা করে নিয়েছে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাত। নতুন এডিপিতে সর্বোচ্চ ৬১ হাজার ৬৩১ কোটি টাকা বা মোট বরাদ্দের ২৭ দশমিক ৩৫ শতাংশ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ হাজার ৮৬৮ কোটি টাকা বা মোট বরাদ্দের ২০ দশমিক ৩৬ শতাংশ দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ হিসেবে গৃহায়ণ ও কমিউনিটি সুবিধা খাতে দেয়া হয়েছে প্রায় ২৩ হাজার ৭৪৭ কোটি টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) এর সভায় আগামী অর্থবছরে দেশের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য নতুন এই এডিপি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।